ফার্গির রেকর্ড ভাঙ্গা অসম্ভব : মরিনহো
স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো। জয়ের নেশা যার সব কিছুতেই। কিন্তু এবার নিজে থেকেই হার মানলেন স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছে। ফার্গির ১৩টি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের রেকর্ড তার পক্ষে ভাঙ্গা সম্ভব নয়,এটা অসম্ভব বলে মন্তব্য করেছেন চেলসির এই কোচ।
রোববার ইংলিশ ক্লাব চেলসির কোচ হিসেবে তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন মরিনহো। ৫২ বছরের মরিনহো এখন দ্বিতীয় দফায় চেলসির দায়িত্বে। আগেরবারের মত এবারও সাফল্য ধরা দিয়েছে তার কাছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের দীর্ঘ সময়ের কোচ ছিলেন ফার্গুসন। ম্যানইউর সাথে প্রথম শিরোপা জেতার সময় ফার্গির বয়স ছিলো ৫১। অবসরে যাওয়া এই স্কটিশের রেকর্ড ধরা ছোয়ার বাইরে থাকবে বলেই বিশ্বাস মরিনহোর।
মরিনহো বলেছেন,আমি ১৩টি চ্যাম্পিয়নশিপ জিততে পারি। এখন আটটা আছে। আমার মতে ১৩ পর্যন্ত যেতে পারি। কিন্তু প্রিমিয়ার লিগের ১৩ টি জয়ের কোনো সুযোগ নেই।
চেলসির হয়ে তিনটি শিরোপা মরিনহোর। পর্তুগালের পোর্তোর হয়ে জিতেছিলেন দুটি লিগ শিরোপা। দুটি শিরোপা জিতেছেন ইতালির ইন্টার মিলানের হয়ে। আর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন একটি শিরোপা।
এমআর/আরআইপি