অভিষেকের অপেক্ষায় লিটন দাস


প্রকাশিত: ১২:২২ পিএম, ০৫ মে ২০১৫

ডান হাতের অনামিকায় চোটের কারণে খুলনা টেস্টে ৩৬ ওভারের বেশি কিপিং করতে পারেননি মুশফিক। তার অনুপস্থিতিতে উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস কিপিং করেন। ডানহাতে চোট পাওয়া মুশফিক মিরপুর টেস্টে না নামলে অভিষেক হতে পারে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের।

তবে চিকিৎসকরা বলছেন, এক্সরে করে দেখা গেছে, মুশফিকের ডান হাতের অনামিকায় কোনো চিড় ধরা পড়েনি। তাই দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে কিপিং করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক মুশফিক। তবে বাড়তি ঝুঁকি না নিয়ে লিটনকেও প্রস্তুত করছে স্বাগতিকরা।

মঙ্গলবার মুশফিক সাংবাদিকদের বলেন, আমি যদি কিপিং করার মতো ফিট থাকি, তাহলে আমিই কিপিং করবো। তারপরও আমি বুধবার ওয়ার্মআপ পর্যন্ত অপেক্ষা করব। আমি আজ কিপিং করেছি, ভালো লেগেছে। তবে টেস্ট ক্রিকেটে এটা সহজ নয়, আমাকে পাঁচ দিনের কিপিং করার প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যোগ করেন তিনি।

লিটনকে নিয়ে কথা বলতে গিয়ে মুশফিক বলেন, ‘যোগ্যতার বলেই বাংলাদেশ দলে আছেন লিটন। দলে থাকার সাথে নিজের চোট পাওয়ার কোনো সম্পর্ক নেই। উইকেট রক্ষকের পাশাপাশি লিটন দাস একজন ওপেনিং ব্যাটসম্যানও। কালকে যদি লিটন নাও সুযোগ পায়, আমার মনে হয় ভবিষ্যতে ভালো একজন কিপার-ব্যাটসম্যান বাংলাদেশ দল পাবে।

এদিকে, সামান্য চোট রয়েছে খুলনা টেস্টে দ্বি-শতক করা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালেরও। তবে বাঁ-হাতি এই ব্যাটসম্যানের চোট নিয়ে দুর্ভাবনা নেই মুশফিকের। তিনি বলেন, তামিম হয়তো শতভাগ ফিট নয়, তবে এই মুহূর্তে খুব ভালো ছন্দে আছে সে। ওর না খেলার মতো কিছু হয়নি।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।