শুরুতেই তামিমের বিদায়


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৭ মে ২০১৫

পাকিস্তানের দেওয়া বিশাল টার্গেতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নিলেন প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করা তামিম ইকবাল। ব্যক্তিগত ৪ রান করে জুনায়েদ খানের বলে আউট হন টাইগার এই ব্যাটসম্যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৩ রান। মমিনুল ৭ আর ইমরুল ১২ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে দ্বিতীয় টেস্ট বাংলাদেশের বিপক্ষে ৫৫৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।  মধ্যাহ্ন বিরতির পর দিনের দ্বিতীয় সেশনে পাকিস্তানের ৪ উইকেট নিয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিক বাংলাদেশ।তবে আজাহার আলী ডাবল সেঞ্চুরির সাথে ইউনুস খান আর আসাদ শফিকের সেঞ্চুরিতে স্বাগতিকদের সামনে রানের পাহাড় গড়েছে সফরকারীরা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৫৫৭ রান।

দ্বিতীয় দিন দ্বিতীয় ওভারে বল করতে এসে ঘূর্ণি জাদুতে মিসবাহ উল হককে বোল্ড করে দুর্দান্ত সূচনা করেন সাকিব আল হাসান। গ্যালারিভর্তি দর্শকরা আশায় বুধ বাঁধেন দিনটা হয়তো হতে যাচ্ছে টাইগারদের। কিন্তু পেস তারকা শাহাদাত হোসেনের অনুপস্থিতি ও স্পেশালিস্ট বোলারের স্বল্পতা দুশ্চিন্তায় ফেলে দেয় টাইগার অধিনায়ক মুশফিককে।তবে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আজহার আলী ব্যাটিং করে যাচ্ছেন কঠিন দৃঢ়তায়। ১৯৯ রানে থাকার সময় সাকিবের বলে ছয় মেরে পূর্ণ করে ফেলেছেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক।

তবে দলীয় ৫৩০ থেকে ৫৫৭, মাত্র ২৭ রানের মধ্যে পাকিস্তানের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দলীয় ৫৩০ রানে ডাবল সেঞ্চুরি করা আজহারকে ফিরিয়ে বড় জুটি ভাঙেন শুভাগত হোম। লং অফে আজহারের ক্যাচ নেন মাহমুদউল্লাহ। ২২৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন আজহার। তার ৪২৮ বলের ইনিংসে ছিল ২০টি চার ও ২টি ছক্কার মার। আজহার-শফিক জুটিতে আসে ২০৭ রান।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।