আবারো টাইগারদের স্পন্সর হলো টপ অব মাইন্ড
আবারো বাংলাদেশ দলের স্বত্ব পেলো মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ড। আগামী ২ বছরের জন্য তারা এ সুযোগ পেয়েছে। বিসিবির সঙ্গে ১ জুন ২০১৫ থেকে ৩০ জুন ২০১৭ পর্যন্ত টপ অব মাইন্ডের এই চুক্তি কার্যকর থাকবে।
টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল জাগো নিউজকে জানান, দুই বছরের জন্য ৪১ কোটি ৪১ লাখ টাকায় তারা এই স্বত্ব পেয়েছে।
এর আগে, বিশ্বকাপের ঠিক পরেই ভারতীয় কোম্পানি সাহারার সঙ্গে চুক্তি বাতিল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য সাময়িকভাবে চুক্তি করা হয়েছিল এই টপ অব মাইন্ডের সঙ্গেই। পাকিস্তান সিরিজের জন্য আবেদন করেছিল টপ অব মাইন্ড ও গ্রামীণফোন। সে সময় তিন কোটি টাকার বিনিময়ে স্পন্সরশিপ কিনে নিয়েছিল টপ অব মাইন্ড। এর পর তা বিক্রি করেছিল প্রাণ ফ্রুটোর কাছে।
এখন আগামী দুই বছরের জন্য নতুন স্পন্সর চাইছিলো বিসিবি। ছয়টি প্রতিষ্ঠানের প্রস্তাবও পেয়েছিলো তারা। দুই বছরের স্পন্সরশিপের আবেদন করার জন্য বিসিবি প্রাথমিক মূল্য নির্ধারণ করে দিয়েছিলো ৩০ কোটি টাকা। অবশেষে ভিত্তিমূল্য থেকে প্রায় ১১ কোটি টাকা বেশি হাঁকিয়ে টাইগারদের স্বত্ব পেলো টপ অব মাইন্ড।
এর আগে, আট বছর বাংলাদেশ দলের স্পন্সর ছিল গ্রামীণফোন।
এএ/এমআর/এমএস