আইপিএল ফাইনাল দেখতে কলকাতায় কামাল
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে দারুণ সম্পর্ক সাবেক আইসিসি সভাপতি মোস্তফা কামালের। আর সে কারণেই বিসিসিআই সভাপতি তার বিশেষ অতিথি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল দেখতে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন কামালকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস–চেন্নাই সুপার কিংসের ফাইনাল দেখতে এরই মধ্যে কলকাতা পৌঁছে গেছেন আইসিসির সাবেক এই সভাপতি।
বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের কঠোর সমালোচনা করেছিলেন কামাল। শুধু তা-ই নয়,সমালোচনা করেছিলেন আইসিসিতে ভারতের একচেটিয়া আধিপত্য নিয়েও। এর ফলে বিশ্বকাপ ফাইনাল শেষে আইসিসি সভাপতি হিসেবে কামালের অধিকার কেড়ে নিয়ে চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। এ ঘটনার রেশ ধরেই বিশ্বকাপের পর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন কামাল।
এদিকে বন্ধুসুলভ আচরণের জন্য ডালমিয়াকে ধন্যবাদও জানিয়েছেন কামাল। কলকাতায় পৌঁছে দ্য টেলিগ্রাফ-এর কাছে প্রতিক্রিয়ায় বলেছেন, আমি খুশি। কলকাতায় এসে ভালো লাগছে। আইপিএলের ফাইনাল দেখার অপেক্ষায় আছি। আমন্ত্রণ করার জন্য ডালমিয়াকে ধন্যবাদ।
বিশ্বকাপের সময় বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোয় কোনো আক্ষেপ নেই কামালের, আমি বারবার বলেছি,ওটা আমার ব্যক্তিগত মত। আইসিসি সভাপতি হিসেবে নয়। ওটা যদি বাংলাদেশের ম্যাচ না হয়ে অন্য কোনো দলের ম্যাচ হতো তাহলেও আমি একই কথা বলতাম।
এমআর/এমএস