মিডিয়া কাপ ক্রিকেটে ঢাকা ট্রিবিউন চ্যাম্পিয়ন


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৪ মে ২০১৫

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যানেল আইকে ২৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ট্রিবিউন। এর আগে রোববার সকালে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ প্রতিদিনকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে চ্যানেল আই। দ্বিতীয় সেমিফাইনালে দ্য রিপোর্টকে ১০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ঢাকা ট্রিবিউন।

রোববার ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে ঢাকা ট্রিবিউন। দলের পক্ষে আতিকুর রহমান সর্বোচ্চ ২৫ রান করেন। এ ছাড়া জাতীয় দলের খেলোয়াড় শামসুর রহমান শুভ করেন ২৪ রান।

ঢাকা ট্রিবিউনের দেওয়া ৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান তুলতে সক্ষত হয় চ্যানেল আই। ম্যাচ সেরা নির্বাচিত হন ঢাকা ট্রিবিউনের আতিকুর। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের হয়ে খেলা বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

চ্যাম্পিয়ন দল ট্রফিসহ প্রাইজমানি হিসেবে ৩০ হাজার ও রানার্সআপ দল ২০ হাজার টাকা পায়। এ ছাড়া ম্যাচ সেরা ও সিরিজ সেরাদের ট্রফি দেওয়ার পাশাপাশি অর্থ পুরস্কার দেওয়া হয়।

এমআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।