ফ্রেঞ্চ ওপেন শুরু হচ্ছে আজ


প্রকাশিত: ১০:১৩ এএম, ২৪ মে ২০১৫

টেনিস দুনিয়ার সবগুলো রাস্তাই যেন এখন এসে মিসে গেছে রোলাঁ গাঁরোয়। প্যারিসের শহরতলীর আলো ঝলমলে লাল দুর্গে আজ থেকে শুরু হচ্ছে টেনিসের মহা লড়াই,বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন। আর এরই মধ্যে শুরু হয়ে গেছে রোলাঁ গাঁরোর লাল কোর্টের কে হচ্ছেন নতুন রাজা-রানী?

আগের বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী ‘ক্লে কোর্টে’র নায়ক নাদালের সামনে এবার দশম ফরাসি ওপেন জয়ের হাতছানি। ৯’বার রোলাঁ গাঁরো জয়ের রেকর্ড গড়ে ইতিমধ্যে কিংবদন্তীর তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন নাদাল। দশম অর্থাৎ স্প্যানিশে ‘লা ডেসিমা’।

কিন্তু এবারই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি নাদাল। বিশেষ করে, র্যা ঙ্কিংয়ে সাত নম্বরে চলে যাওয়ায় নাদালের সঙ্গে টুর্নামেন্টের শীর্ষ বাছাই জকোভিচের দেখা হয়ে যাবে শেষ আটেই। যদি নাদাল পৌঁছতে পারেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত! এ বছরে তার যা ফর্ম তাতে এখনই অশনি সংকেত দেখছেন অনেকেই।

অন্যদিকে মহিলাদের টেনিসে গতবারের চ্যাম্পিয়ন শারাপোভা এবারও রয়েছেন দুর্দান্ত ফর্মে। ক্লে কোর্টে নিজেকে পরখ করার কাজটা শেষ করে রেখেছেন রোম মাস্টার্স জিতে। তবে, অলটাইম ফেভারিট সেরেনা উইলিয়ামস অন্য সবার জন্যই হুমকি। সেরেনা ছাড়াও শারাপোভার সামনে চ্যালেঞ্জ হিসেবে রয়েছেন সিমোনা হালেপ,পেত্রা কেভিতোভা,ক্যারোলিন ওজনিয়াকিরা।

এবার দেখার বিষয়,১৩ দিন ব্যাপি এ টুর্নামেন্ট শেষে শিরোপা ওঠে কার হাতে। ফরাসি ওপেন কি নতুন কোন রাজা-রানী উপহার দেয় নাকি পুরনোদেরই বেছে নেয়।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।