আবারো শ্রীনির সমালোচনায় কামাল
ভারত বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের অংশীদার বলে জানিয়েছেন আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। তবে আবারো শ্রীনিবাসনের সমালোচনা করেছেন তিনি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কামাল বলেন, ভারতের ক্রিকেট দলকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। তাছাড়া আমাদের বা আমার ক্ষোভ ভারতের বিরুদ্ধে বা ভারতের ক্রিকেটের বিরুদ্ধে নয়। একজন ব্যক্তির বিরুদ্ধে। তবে দু’একজন মানুষ বিচ্যুতি নিয়ে জন্মায়। তাদের আচরণ ঠিক থাকে না।
আইসিসির সাবেক এই সভাপতি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে আমি ভারতে গিয়েছিলাম। ক্রিকেট বোর্ডের অনেকের সঙ্গে এসময় আমার কথা হয়েছে। তারাও শ্রানিবাসনকে ভালোভাবে নেয়নি। বলেছে, সে ভালো ভাবে ক্রিকেটে আসেনি। তাই তার আচরণ নিয়ে বাংলাদেশ যেন দুঃখ না পায়। এটা সাময়িক।
মুস্তফা কামাল বলেন, ভারতে গিয়ে আমি বলে এসেছি- আমরা তাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত। আমাদের ক্রিকেট কূটনীতি অটুট থাকবে। এটা ঠিক আমাদের ক্রিকেটের উন্নয়নে ভারতের অবদান আছে।
উল্লেখ্য, এর আগে ভারতের আনন্দবাজার পত্রিকায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বিতাড়িত সভাপতি ও আইসিসির বর্তমান চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসনকে তিনি অভিহিত করেছেন এ যুগের ‘মীরজাফর’ হিসেবে। বলেছেন, ‘আগে বাংলাদেশে লোকে গালাগাল দিলে আগে মীরজাফরের নাম উঠত। কারো ওপর খুব রেগে গেলে বা কারও সঙ্গে ঝগড়া হলে বাংলাদেশের মানুষ এখন বলে তুই ব্যাটা শ্রীনিবাসন!’
এসএ/এসএইচএস/আরআই