পাকিস্তান সফর অব্যাহত রাখছে জিম্বাবুয়ে


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ৩০ মে ২০১৫

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে লাহোরস্থ গাদ্দাফি স্টেডিয়ামের কাছে আত্মঘাতী বোমা হামলায় দুই ব্যক্তি নিহত হলে সিরিজের শেষ ম্যাচ নিয়ে শঙ্কা জাগে। তবে ঘটনার পর উভয় বোর্ডের কর্মকর্তারা বৈঠক করে সিরিজ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

চলমান সিরিজের ভাগ্য নিয়ে আলোচনার জন্য শনিবার বিকেলে সফরকারী দলের সদস্যরা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পিসিবি’র এক কর্মকর্তা জানিয়েছেন সূচি অনুযায়ী সফর অব্যাহত থাকবে।

ওই কর্মকর্তা জানান, ‘প্রস্তাবিত সফর অব্যাহত থাকবে এবং জিম্বাবুয়ে দল শনিবার তাদের নৈমত্তিক কার্যক্রম চালাবে। অবশ্য শনিবার তারা অনুশীলন করেননি। রোববার তৃতীয় ম্যাচ খেলবে এবং সোমবার দেশের উদ্দেশ্যে রওনা হবে।’

দ্বিতীয় ওয়ানডে চলাকালে বিকট শব্দ শোনা গেলে প্রথমে এটাকে ট্রান্সফরমার বিস্ফোরণ বলা হয়েছিল। তবে বিষয়টি ট্রান্সফরমার বিস্ফোরণ নয়। গাদ্দাফি স্টেডিয়ামের কাছের এ ঘটনাটি ছিল মূলত আত্মঘাতী বোমা হামলা।

মূলত গাদ্দাফি স্টেডিয়ামের ম্যাচে বিঘ্ন ঘটানোর লক্ষ্যেই এ ঘটনা ঘটানো হয়েছিল বলে পরে নিশ্চিত করেন পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ। পুলিশের একজন কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিক এ হামলায় নিহত হন। আহত বেশ কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।