মাশরাফির অনুরোধে ছাড়া পায় বাস চালক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বৃহস্পতিবার বাসের ধাক্কায় আহত হন। রিকশায় চড়ে মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার সময় পেছন থেকে বাসের ধাক্কায় পড়ে গিয়ে দুই হাতে ব্যথা পান তিনি।
ঘটনাস্থলের পাশেই ছিল পুলিশ। এ ঘটনার সাথে সাথেই পুলিশ বাসের চালক এবং বাসটিকে আটক করে। তবে মাশরাফি বাস চালককে কিছু না বলে আবারও মানুষের প্রতি ভালোবাসর প্রমাণ দিলেন। তিনি পুলিশকে অনুরোধ করেন তাদের ছেড়ে দিতে। পরে বাস এবং বাসের চালককে ছেড়ে দেয় পুলিশ।
এদিকে মাশরাফির ক্যারিয়ারে এ পর্যন্ত ছয়বার তার হাটুতে অস্ত্রপচার করা হয়েছে। ইনজুরি প্রিয় মাশরাফির আহত হওয়ার সংবাদ শুনে সতীর্থ, কোচ কর্মকর্তারা সকলেই ঘাবড়ে যান। আঘাত গুরুতর নয় জেনে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
তবে বিসিবি এক কর্মকর্তা জানিয়েছেন, আঘাত তেমন গুরুতর না হলেও তাকে হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হবে।
ওয়ানডে এবং টি-২০তে বরাবরই বাংলাদেশ দলের বোলিং আক্রমণের নেতৃত্ব থাকে মাশরাফির হাতে। ওয়ানডে সিরিজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে মনে করছেন তিনি।
এআরএস/এমএস