‘আমাদের ফিল্ডিং সর্বোচ্চ লেভেলের, শীর্ষ তিনের একটা’ বলছেন টাইগার কোচ
একসময় ফিল্ডিং দুর্বলতার কারণে সমালোচনার মুখে পড়তে হতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। তবে গত কয়েক বছরে সেই চিত্রে এসেছে বড় পরিবর্তন। ক্যাচিং এবং সামগ্রিক ফিল্ডিংয়ে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী টাইগাররা। ফিল্ডিং কোচ আশিক মজুমদার মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফিল্ডিং এখন সেরাদের কাতারে।
বৃহস্পতিবার সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে আশিক বলেন, ‘আমাদের প্লেয়াররা স্লিপ ক্যাচে অনেক ভালো। টেস্ট ক্রিকেটে, লঙ্গার ভার্শন ক্রিকেটে মনোযোগ ধরে রাখাটা জরুরি। আমাদের প্লেয়াররা কামব্যাক করেছে। এটার পূর্ণ কৃতিত্ব ওদের দিতে হবে। প্রথম ও দ্বিতীয় ইনিংসে আমাদের স্লিপ ক্যাচিং মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে।’
ক্রিকেটারদের মানসিক প্রস্তুতি ও মানিয়ে নেওয়ার সক্ষমতারও প্রশংসা করেন তিনি। আশিকের ভাষায়, ‘আমি কাছ থেকে যেটা দেখেছি, আমাদের প্লেয়ারদের রিয়ালাইজেশন পাওয়ার খুব তুখোড়। বিভিন্ন পরিবেশের সাথে খুব দ্রুত মানিয়ে নিতে পারে। নিজেদের নিয়ে খুব সুন্দরমতো প্রস্তুতি নেয়।’
ঢাকা টেস্টে সাদমান ইসলামের নেওয়া দুর্দান্ত ক্যাচ নিয়েও আলাদা করে কথা বলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ। তিনি বলেন, ‘১৩৮-১৪০ কিলোমিটার গতির যে ক্যাচটি সাদমান ধরেছে, এত কাছ থেকে ধরা; ব্যাটার কাট শটের মতো খেলেছিল, মোটেও সহজ না। সাদমানের মাইন্ড পাওয়ার, কনসেন্ট্রেশন পাওয়ার সর্বোচ্চ লেভেলের। আসলে দলের সবারই- একশতে একশ। সে কারণেই দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এনার্জি ছিল। প্রথম দিনের এনার্জি পঞ্চম দিনে গিয়ে ১১০ শতাংশ হয়ে গেছে মনে হয়েছে আমার কাছে, ফিল্ডিং কোচ হিসেবে।’
তবে দলের উন্নতির জায়গা এখনও শেষ হয়ে যায়নি বলেও মনে করেন আশিক। তিনি বলেন, ‘মানুষের জীবনে উন্নতির কোনো শেষ নেই। প্রতিদিন শিখি, প্রতিদিন উন্নতি করি। আমাদের প্লেয়ারদের যে ডেডিকেশন, ফিল্ডিংয়ের প্রতি ভালোবাসা, উৎসাহ… এটা আরও ১% যদি আমরা বাড়াতে পারি, এতেই হবে। আমাদের প্লেয়াররা অনেক ভালো। অনেক অ্যাথলেটিক। ফিজিক্যালি অনেক ফিট। উন্নতির তো শেষ নেই। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও ভালো হবে।’
বাংলাদেশের বর্তমান ফিল্ডিং মান নিয়ে নিজের দৃঢ় বিশ্বাসও জানিয়েছেন আশিক। তার মতে, ‘আমাদের ফিল্ডিং স্ট্যান্ডার্ড সর্বোচ্চ লেভেলের, আন্তর্জাতিক অঙ্গনে শীর্ষ তিন দলের একটা- যেটা আমি বিশ্বাস করি।’
এসকেডি/এমএমআর