টিম ভিশনকে নিয়ে আশাবাদী নিরব
বিনোদন জগতের তারকা ও ক্রিকেটাদের জন্য সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভাল হবে। বাংলাদেশে এবারই প্রথম এ ধরনের ক্রিকেট। শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ এবং ৯ জুন দেশের প্রায় শতাধিক মিডিয়া সেলিব্রেটি এবং ক্রিকেটার মেতে উঠবে ব্রেভারের এই সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভালে।
ব্রেভার সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভালে সবচেয়ে তারকাবহুল দল হচ্ছে ‘টিম ভিশন’। দেশের অন্যতম ইলেক্ট্রনিক হোম অ্যাপ্লায়েন্স ভিশন-এর স্পন্সরের এই টিমের মূলত অধিনায়কের দায়িত্ব পালন করছেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নিরব। প্রথম সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভালে শিরোপা ঘরে তোলার ব্যাপারে খুব আশাবাদী তিনি।
জাগো নিউজকে একান্ত সাক্ষাৎকারের তিনি জানান, টুর্নামেন্টের সবচেয়ে তারকাবহুল টিম হলো আমাদের; যার ফলে স্বাভাবিকভাবে আমাদের কাছে সবার প্রত্যাশাও অনেক বেশি।
চলচ্চিত্র এবং দেশের সঙ্গীতাঙ্গনের এতো তারকাবহুল টিম সাজাতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি নিজেই। কারণ সিডিউল সংকটের কারণে এখনো অনুশীলন শুরু করতে পারেননি। তবে টিম মেম্বারদের নিয়ে কয়েক দফা বসে গেমপ্ল্যান তৈরি করা হয়েছে। রোববার টিমের সব খেলোয়াড়দের কল করা হয়েছে- ডে লং অনুশীলনের পরিকল্পনা রয়েছে।
নিরব ছাড়াও টিম ভিশনের অন্যান্য খেলোয়াড় হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস, ওমর সানী, ইমন, সম্রাট, হিল্লোল, মাজনুন মিজান, শারমিন তুষ্টি, মিশু চৌধুরী, নির্মাতা গিয়াসউদ্দীন সেলিম, সঙ্গীত শিল্পী তাহসান, আরেফিন রুমি এবং ইমরান।
এছাড়া টিমে থাকবেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুর রাজ্জাক ও সানোয়ার। ভিশন টিম সম্পর্কে তিনি বলেন, জাতীয় মহিলা দলের সাবেক খেলোয়ার ‘মিশু চৌধুরী’ আমাদের টিমের তুরুপের তাস। তবে আমাদের খেলোয়াড়দের সামর্থ্যের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। টিমের যেকোনো তিনজন খেলোয়াড় দাঁড়িয়ে গেলে আমরা অনায়াসেই ম্যাচ বের করে আনতে পারবো।
উল্লেখ্য, সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভালের ১৮টি ম্যাচ মূলত আগামী ৮-৯ জুন মিরপুর ইনডোর স্ট্রেডিয়ামে অনুষ্ঠিত হবে। রাউন্ডরবিন লিগ পদ্ধতিতে ছয়টি দল খেলবে শিরোপার জন্য। আর সবগুলো ম্যাচের হাইলাইটস এবং টুর্নামেন্টের আনুষঙ্গিক নিয়ে ঈদ-উল-ফিতরে গাজী টেলিভিশনে ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত টিভি অনুষ্ঠান নির্মাণ এবং সম্প্রচার করা হবে।
বিএ/আরএস