রোনালদোর হ্যাটট্রিকে আর্মেনিয়ার হার
রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ইউরো বাছাইয়ে আর্মেনিয়াকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। আর্মেনিয়ার মাঠে শনিবারের এই ম্যাচের চতুর্দশ মিনিটে গোল খেয়ে বসে পর্তুগাল।
সমতায় ফিরতে অবশ্য খুব একটা দেরি হয়নি পর্তুগিজদের। ২৭তম মিনিটে বল পায়ে ডি বক্সে ঢুকে পড়া মিডফিল্ডার জোয়াও মোতিনিয়োকে স্বাগতিক মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ান ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল। তা থেকেই স্কোরলাইন ১-১ করেন রোনালদো।
দ্বিতীয়ার্ধে পর্তুগালের আক্রমণভাগের সামনে আর বাধা হয়ে থাকতে পারেনি আর্মেনিয়ার রক্ষণ। তিন মিনিটের মধ্যে নিজের আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি স্কোর ৩-১ করে জয়টাও প্রায় নিশ্চিত করে ফেলেন রোনালদো। পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর এটি জাতীয় দলের হয়ে ৫৫তম গোল।
পর্তুগাল দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও খেলার ৬২তম মিনিটে দলটির মিডফিল্ডার তিয়াগো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে নাটকীয়তার সম্ভাবনা জাগে।
প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগ কাজে লাগাতে আক্রমণের ধার বাড়ায় আর্মেনিয়া। দ্রুত সাফল্যও পায় তারা, ৭২তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে খুব কাছ থেকে ব্যবধান কমান ডিফেন্ডার রায়ার মিকোয়ান। শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেলেও আর গোল পায়নি।
এই জয়ের পর ‘আই’গ্রুপের শীর্ষে থাকা পর্তুগালের পয়েন্ট ৫ ম্যাচে হলো ১২। তলানিতে থাকা আর্মেনিয়ার পয়েন্ট ১।
এসকেডি/এআরএস