বাংলাদেশ একাদশে পরিবর্তনের ইঙ্গিত
বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে হারের পর তাজিকিস্তানের বিপক্ষে একাদশে পরিবর্তন আনারও ইঙ্গিত দিয়েছেন দলের প্রধান কোচ লোডউইক ডি ক্রুইফ। দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বলেই কিরগিজস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারতে হয়েছে বলে এমনটাই মন্তব্য করেছেন ডাচ এই কোচ।
স্বপ্ন এশিয়ান কাপ খেলার। কিন্তু সে স্বপ্ন পূরণের পথে লাল সবুজ জার্সি ধারীদের শুরুটা হয়েছে হার দিয়ে। আর এ জন্য প্রধান কোচের অভিযোগের তীর এনামুল ও এমিলিদের মত দলের গুরুত্বপূর্ণ ফুটবলার দিকে। এ তালিকায় হেমন্ত, মুন্না আর নাসিরের নাম থাকলেও, সেই ম্যাচে মামুনুল আর তপুর পারফরমেন্স মন ঠিকই জয় করেছে এই ডাচম্যানের।
তিনি বলেন, কিরগিস্তান অনেক শক্তিশালী দল। তবে সেদিন আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। আসলে এমিলি, হেমন্ত আর এনামুলের মত ফুটবলাররা যদি কোন ম্যাচে নিষ্প্রভ থাকে তাহলে ম্যাচের ফল বের করে আনা কঠিন। তাই তাজিকিস্তানের বিপক্ষে একাদশে পরিবর্তন আনার চিন্তা করছি।
এদিকে, বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করলেও এখনও বাংলাদেশের এশিয়া কাপে অংশ নেয়ার জোর সম্ভাবনা দেখছেন ক্রুইফ। আর এই পথে তাজিকিস্তান শক্ত প্রতিপক্ষ হলেও, ১৬ জুন বাংলাদেশ ঠিকই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন এই ডাচম্যান।
এমআর/এমএস