৭ নম্বরে যেতে দরকার একটি মাত্র জয়


প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৬ জুন ২০১৫

ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ তে বাংলাওয়াশ করার সুবাদে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে আট নম্বরে উঠে আসে টাইগাররা। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে র‌্যাংকিংয়ে সাত নম্বরে উঠে আসার সুযোগ থাকছে টাইগারদের। তিনটি ওয়ানডের মধ্যে মাত্র একটি জিততে পারলেই র‌্যাংকিংয়ে সাত নম্বরে উঠে আসবে টাইগাররা।

৮৮ রেটিং পয়েন্ট নিয়ে টাইগাররা এখন আছে আট নম্বরে। সমান পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর ৮৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে পাকিস্তান।

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৬। ৯৫ পয়েন্ট নিয়ে আপাতত ছয়ে আছে ইংল্যান্ড।

২-১ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৩। তবে এই ফলটা উল্টো হলেও র‌্যাংকিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। অর্থাৎ, বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে উঠে যাবে সাত নম্বরে।

তবে ৩-০ ব্যবধানে হারলে ৮৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নেমে যাবে পাকিস্তানের নিচে নয় নম্বরে।

ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৭ সালের ১ থেকে ১৯ জুনে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ড ও র‌্যাংকিংয়ের অন্য শীর্ষ সাত দল খেলবে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা আটে থাকতে পারলে তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ মিলবে টাইগারদের।  

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।