বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ সুরেশ রায়না!


প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৯ জুন ২০১৫

প্রথম ওয়ানডেতে হারের পর বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সুরেশ রায়না। তবে এই বাংলাদেশের চেয়ে ভারত অনেক ভালো দল বলেই দাবি করেছেন ভারতের এই ব্যাটসম্যান।

তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭৯ রানে হারায় বাংলাদেশ। এরপর এই ম্যাচ নিয়ে একটি সাক্ষাৎকারে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-এই তিন বিভাগেই নিজেদের দলের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখার কথা জানান রায়না।

বাংলাদেশের ক্রিকেট দিনের পর দিন উন্নতি করছে উল্লেখ করে রায়না বলেন, ‘তারা এই ম্যাচে সব বিভাগে আমাদের চেয়ে ভালো খেলেছে। যোগ্য দল হিসেবেই জিতেছে।’

মাশরাফিবাহিনীর কাছে এই হার যে বেশ যন্ত্রণাদায়ক তা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো রায়নাও স্বীকার করেছেন। ভারতের এই বাঁহাতি ব্যাটসম্যান জানান, দলগত খারাপ পারফরকম্যান্সের কারণেই হারতে হয়েছে তাদের।

তার বক্তব্য, ‘এই হারটি আমাদের জন্য বেশ হতাশার। হ্যাঁ এটা ঠিক, বাংলাদেশ এই ম্যাচে আমাদের চেয়ে ভালো খেলেছে, কিন্তু এখনও আমরা ওদের থেকে ভালো দল।’

তবে সামনের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস রায়নার গলায়। তিনি বলেন, ‘আমরা এই ম্যাচে একেবারেই ভালো খেলিনি। কিন্তু এখনও সিরিজের দুটি ম্যাচ বাকি রয়েছে এবং ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের সকলকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিতে হবে।’

প্রথম ম্যাচে নিজেদের খেলার সমালোচনা করলেও রায়না অবশ্য ভারতকে অনেক এগিয়ে রাখছেন। বলছেন, ‘একটি হার দিয়ে আমাদের দলের বিচার করাটা ঠিক হবে না। কিভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের জাতটা চেনাতে হয়, সেটা রবি শাস্ত্রী আমাদের বুঝিয়ে দিয়েছেন।’

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।