একটি উপভোগ্য ম্যাচ দেখবে দর্শকরা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ৩০ মার্চ ২০১৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জাগো নিউজে নিয়মিত লিখছেন মোহাম্মদ আশরাফুল

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মাঝে ফাইনালে ওঠার লড়াই। নিঃসন্দেহে উপভোগ্য একটি ম্যাচ হবে। দু’দলই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে। যদিও গ্রুপ পর্বে একটি করে ম্যাচ হেরেছে দু’দলই। ভারত হেরেছে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আর ওয়েস্ট ইন্ডিজ হেরেছে শেষ ম্যাচে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে। তবে টি-টোয়েন্টির সবচেয়ে সেরা দুটি দলের লড়াই নিশ্চিতভাবেই মনে হচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

খেলাটা হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানে রান ওঠে প্রচুর। উইকেট যদি ব্যাটিংবান্ধব হয়, তাহলে নিশ্চিত হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা। কারণ, দু’দলেই টি-টোয়েন্টি ব্যাটসম্যানের অভাব নেই। একাই ম্যাচ বের করে নেয়ার ক্ষমতা রাখেন- এমন অনেক ব্যাটসম্যান রয়েছেন। আলাদাভাবে কোহলি এবং গেইলের কথা বাদ দিলেও বিগ হিটারের অভাব নেই।

তবে লড়াইটা হওয়ার সম্ভাবনা মূলত গেইল আর কোহলির মধ্যেই। ইংল্যান্ডের বিপক্ষে তো ১৮০ রান তাড়া করতে নেমে গেইল একাই জিতিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। সুপার টেনের একমাত্র সেঞ্চুরিটাও করেছেন তিনি। ৪৭ বলে। যেটা একটা বার্তা হতে পারে ভারতীয়দের জন্য। আবার বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে যেভাবে খেলে আসছেন, সেভাবে যদি এই ম্যাচেও খেলেন, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপদ রয়েছে নিশ্চিত।

braver
বড় বিপদ আরো একটা আছে। রবিচন্দ্রন অশ্বিনকে মোকাবেলা করতে হবে ক্রিস গেইলকে। অশ্বিনের বলে সব সময়ই পরাস্ত হতে দেখা যায় গেইলকে। এই ম্যাচেও যদি শুরুতে গেইলকে তুলে নিতে পারেন অশ্বিন, তাহলে ভারতের জন্য হবে অনেক বড় অ্যাডভান্টেজ। সুতরাং, ভারতও নিশ্চয়ই এ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে।

ভারতের জন্য সমস্যা হলো এক বিরাট কোহলি ছাড়া আর কোনো ব্যাটসম্যান ফর্মে নেই। কোহলির সেরা খেলাটা আমরা দেখেছি। বাকি ব্যাটসম্যানদের সেরাটা দেখিনি। আবার যুবরাজ সিং ছিটকে গেছেন ইনজুরিতে পড়ে। যদিও মানিষ পাণ্ডে ঢুকেছেন দলে। আশা করি, একাদশে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারবে সে। দারুণ ফর্মেও রয়েছে। রোহিত শর্মা, শিখর ধাওয়ান কিংবা রায়নারা যদি কেউ জ্বলে ওঠে তাহলে কোহলির ওপর চাপ কমবে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপদ বাড়বে।

অপরদিকে ক্রিস গেইলকে তাড়াতাড়ি ফেরাতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানের অভাব নেই। মারলন স্যামুয়েলস একাই ম্যাচ বের করে নিয়ে আসে। এছাড়া চার্লস জনসন, দিনেশ রামদিন, ড্যারেন স্যামিরাও যেকোনো সময় জ্বলে উঠতে পারেন। সুতরাং, এখনই ভবিষ্যদ্বানী করা যাচ্ছে না কে জিততে পারে এই ম্যাচে। তবে আশা করছি, একটি উপভোগ্য ম্যাচই দেখবে দর্শকরা।

লেখক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক

আইএইএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।