টেলিগ্রামে ‘হাই’ মেসেজে বিপদ! এক ক্লিকেই হ্যাক হতে পারে অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৫ মার্চ ২০২৬
টেলিগ্রামে স্ক্যামের স্বীকার হতে পারেন যে কোনো সময়। ছবি: এআই

বর্তমানে অনেকেই স্মার্টফোনে নিয়মিত টেলিগ্রাম ব্যবহার করেন। কিন্তু সম্প্রতি এই মেসেজিং অ্যাপকে কেন্দ্র করে নতুন ধরনের সাইবার প্রতারণার ঘটনা বাড়ছে। অনেক ব্যবহারকারী পরিচিত কারো অ্যাকাউন্ট থেকে একটি সাধারণ ‘হাই’ বা অনুরূপ বার্তা পাচ্ছেন। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও পরে একটি লিঙ্কসহ আরেকটি বার্তা আসে, যেখানে বলা হয় ইন্টারনেটে নাকি আপনার কিছু ছবি পাওয়া গেছে এবং তা দেখার জন্য একটি লিঙ্ক দেওয়া হয়।

এ ধরনের বার্তা পেলে অনেকেই মনে করেন, যেহেতু পাঠানো ব্যক্তি পরিচিত, তাই লিঙ্কটি নিরাপদ হতে পারে। কেউ হয়তো পুরোনো ছবি দেখার আগ্রহে ক্লিক করেন, আবার কেউ সন্দেহ করেন হয়তো তাদের ছবি কোথাও আপলোড হয়েছে। কিন্তু সেই লিঙ্কে ক্লিক করলেই বড় বিপদ ঘটতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, লিঙ্কে প্রবেশের পর ব্যবহারকারীর টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে।

অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে চলে গেলে সাইবার অপরাধীরা সেই অ্যাকাউন্ট ব্যবহার করে অন্যদের কাছে বার্তা পাঠাতে পারে। কখনো অর্থ দাবি করা, কখনো ব্ল্যাকমেইল করার মতো ঘটনাও ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রতারণা এখন অনেক দেশে ছড়িয়ে পড়ছে এবং হাজার হাজার ব্যবহারকারী এমন ফাঁদের শিকার হচ্ছেন। অনেক সময় প্রতারকেরা এমন লিঙ্ক পাঠায় যা দেখতে সাধারণ ওয়েবসাইটের মতো হলেও আসলে ফিশিং লিঙ্ক।

কিছু ক্ষেত্রে প্রতারকেরা আরও ভিন্ন ধরনের বার্তাও পাঠায়, যেমন-শৈশবের ছবি দেখার প্রলোভন দিয়ে একটি লিঙ্ক দেওয়া। ব্যবহারকারী লিঙ্কে ক্লিক করলেই তার অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি হয়। এরপর সেই অ্যাকাউন্ট থেকে অন্যদের কাছেও একই ধরনের প্রতারণামূলক বার্তা পাঠানো শুরু হয়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পরিচিত কারো অ্যাকাউন্ট থেকেও যদি সন্দেহজনক লিঙ্ক আসে, সেটি এড়িয়ে চলাই নিরাপদ। এমন লিঙ্কে ক্লিক না করাই সবচেয়ে ভালো উপায়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এসব লিঙ্ক ব্যবহার করা হয় ব্যবহারকারীর তথ্য চুরি বা অ্যাকাউন্ট দখল করার জন্য।

নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কয়েকটি বিষয় মেনে চলা জরুরি। টেলিগ্রামের সেটিংসে গিয়ে ‘ডিভাইস’ অপশনে দেখে নিতে হবে অন্য কোনো অচেনা ডিভাইস থেকে অ্যাকাউন্টে লগইন করা আছে কি না। সন্দেহজনক কিছু দেখলে তা সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। পাশাপাশি দুই ধাপের নিরাপত্তা (টু-স্টেপ ভেরিফিকেশন) চালু রাখা এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করাও গুরুত্বপূর্ণ।

যে কোনো মেসেজে থাকা অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকা প্রয়োজন। সামান্য অসাবধানতাই আপনার ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টকে বড় ঝুঁকিতে ফেলতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।