টুইটারের রাজস্ব আয় কমেছে
চলতি বছরের প্রথম প্রান্তিকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারের রাজস্ব ধারণার চেয়েও কমেছে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় রাজস্ব বাড়লেও তা প্রত্যাশার চেয়ে কম। মূলত প্রতিষ্ঠানটির সেবা কিছুটা আগেভাগেই বাজারে চলে আসায় তা থেকে রাজস্ব কমেছে বলে মনে করছেন টুইটারের কর্মকর্তারা। খবর বিবিসি।
মাইক্রো ব্লগিং সাইটটির নির্বাহীদের আশঙ্কা, চলতি অর্থবছরের পুরো সময় ধরেই রাজস্ব অর্জনে নেতিবাচক প্রভাব থাকবে। এ বিষয়ে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিক কস্টোলোর অভিমত, ‘উপযুক্ত সময়ের আগেই টুইটারের সেবাগুলো বাজারে চলে এসেছে।’
প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব আদায়ের পরিমাণ ৪৩ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৭৪ শতাংশ বেশি। তবে প্রত্যাশার অনেক নিচে। এ সময় প্রতিষ্ঠানটি মোট ১৬ কোটি ২০ লাখ ডলার লোকসান করেছে। আগের বছরের প্রথম প্রান্তিকে এর পরিমাণ ছিল ১৩ কোটি ২৪ লাখ ডলার। এ বছরের প্রথম তিন মাসে টুইটারের মাসিক ব্যবহারকারীর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০ কোটি ২০ লাখে, যা গত বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি।
প্রথম প্রান্তিক সাফল্যের না হলেও প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদে লাভ করার সুযোগ রয়েছে বলে দৃঢ় বিশ্বাস সিইও ডিক কস্টোলোর। তার ভাষ্য, ‘ভবিষ্যতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে আরো ইতিবাচক প্রতিক্রিয়া আদায় করে আনার মতো শক্তিশালী পাইপলাইন আমাদের আছে।’
প্রতিষ্ঠানটি বিপণন প্রযুক্তি প্রতিষ্ঠান টেলঅ্যাপার্টকে কিনে নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে। এছাড়া নিজেদের বিজ্ঞাপনী সাফল্যের মান নির্ণয় পদ্ধতির উন্নয়নের জন্য গুগলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
এআরএস/আরআইপি