মটোরোলাকে কোটি ডলার জরিমানা


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০৬ মে ২০১৫

অনুমতি ছাড়াই ফুজি ফিল্ম কর্পোরেশনের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহারের দায়ে মটোরোলা মোবিলিটিকে ১ কোটি ২ লাখ ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত। ২০১২ সালে মটোরোলা মোবিলিটির বিরুদ্ধে মামলা করে জাপানের এ প্রতিষ্ঠান।

জাপানি প্রতিষ্ঠানটির অভিযোগ, বিনা অনুমতিতে ডিজিটাল ক্যামেরার তিনটি প্রযুক্তি ব্যবহার করে মটোরোলা। এছাড়া আরেকটি পেটেন্ট লঙ্ঘন করে ব্লু-টুথের মতো ওয়্যারলেস সংযোগের মাধ্যমে তথ্য আদান-প্রদানের প্রযুক্তি নিয়ে।

মামলায় ৪ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল ফুজি ফিল্ম। এর শুনানি শুরু হয় গত ২০ এপ্রিল। শুনানিতে বিচারকদের সামনে চারটির মধ্যে তিনটি পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ ভুল প্রমাণ করতে পেরেছে মটোরোলা। কিন্তু রঙিন থেকে এক রঙের ছবিতে রূপান্তরের একটি পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ খণ্ডাতে পারেনি বর্তমানে চীনের লেনোভো গ্রুপের অধীন প্রতিষ্ঠানটি।

মটোরোলার মুখপাত্র উইলিয়াম মস রয়টার্সকে একটি ই-মেইল মারফত বলেন, ‘পেটেন্ট লঙ্ঘন নিয়ে করা চারটি অভিযোগের মধ্যে তিনটিকে ভুল প্রমাণ করতে পেরে আমরা আনন্দিত। আর পেটেন্ট লঙ্ঘনের যে অভিযোগ আমরা খণ্ডাতে পারিনি, তা নিয়ে আমরা এখনো করণীয় ঠিক করে উঠতে পারিনি।’ এ বিষয়ে জানতে চাইলে ফুজি ফিল্ম কর্পোরেশনের মুখপাত্র কোনো প্রতিক্রিয়া জানাননি।

শুনানিতে ফুজি ফিল্ম কর্পোরেশনের এ পেটেন্টগুলো বাতিল করা উচিত বলে যুক্তি দিয়েছে মটোরোলা। এ বিষয়ে তাদের বক্তব্য হলো, প্রযুক্তিগুলো মোটেও নতুন নয় এবং পুরনো প্রযুক্তির ধারাবাহিকতা হিসেবেই তাদের উত্পত্তি। এছাড়া নিজস্ব ওয়াই-ফাই ব্লু-টুথ প্রযুক্তির পেটেন্ট আছে বলে দাবি করেছে মটোরোলা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।