চার্জার ছাড়াই চার্জ হবে স্মার্টফোন!


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৯ মে ২০১৫

নতুন নতুন গেমস খেলা, গান ও মুভি দেখা, ফেসবুকিং করা স্মার্টফোন ব্যবহারকারীদের নেশার মতো একটা ব্যাপার। যদিও এসব করতে গিয়ে ফোনের চার্জ ফুরিয়ে চূড়ান্তভাবে আনস্মার্ট হয়ে যান তারা। সে ক্ষেত্রে ফোনের সঙ্গে চার্জার নিয়ে ঘুরতে পারেন না তারা। সেই সমস্যা থেকে মুক্তি মিলতে চলেছে শিগগিরই। গেমস খেলে ফোন রাখার পর এখন স্মার্টফোনে নিজে থেকেই চার্জ আবার ফিরে আসছে। ম্যাজিক নয়, খাঁটি বিজ্ঞান।

সম্প্রতি একদল মার্কিন বৈজ্ঞানিক এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছেন, যা রেডিও ফ্রিকুয়েন্সিকে বিদ্যুতে পরিণত করছে। ফলে এমন সমস্ত ডিভাইস যা রেডিও ফ্রিকুয়েন্সি ধরতে পারে, এই প্রযুক্তি ব্যবহার করে তা সবই চার্জ করা সম্ভব হবে। টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, প্রযুক্তিটি একটি কেস বা কভারের মতো। যেটা ফোনের সিগনাল খুঁজতে খরচ হওয়া ৯০ শতাংশ চার্জ পুনরায় স্মার্টফোনে পাঠিয়ে দেয়। যার ফলে মোবাইল আপনা আপনি চার্জ হতে থাকে।

আমেরিকার নিকোলা ল্যাবস এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আগামী এক বছরের মধ্যেই এই প্রযুক্তি বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। শুধু মোবাইলের ক্ষেত্রেই নয়, এই প্রযুক্তি ব্যবহার করে এম্বেডেড সেন্সর এবং বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতিও চার্জ করার কাজে ব্যবহার করা যেতে পারে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।