উইন্ডোজ ১০-এ প্রি-ইনস্টল থাকবে ক্যান্ডি ক্রাশ
উইন্ডোজ ১০-এর মোবাইল সংস্করণে জনপ্রিয় পাজল গেম ক্যান্ডি ক্রাশ সাগা প্রি-ইনস্টল করা থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর হাফিংটন পোস্ট। খবরে বলা হয়, বৃহস্পতিবার মার্কিন শীর্ষ সফটওয়ার নির্মাতা কোম্পানি মাইক্রোসফটের এক ঘোষণায় এ তথ্য জানা গেছে।
আসন্ন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ পার্সোনাল কম্পিউটারের (পিসি) পাশাপাশি মোবাইল ডিভাইসে জনপ্রিয় করতে কাজ করছে মাইক্রোসফট। মূল সংস্করণ উন্মোচনের পরপরই বিশ্বব্যাপী শতকোটি মোবাইল ডিভাইসে অপারেটিং সিস্টেমটি ব্যবহার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
যেসব স্মার্টফোন ব্যবহারকারী উইন্ডোজ ১০ আপগ্রেড করবেন, তাদের ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবেই ইনস্টল হবে ক্যান্ডি ক্রাশ সাগা।
হাফিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ মাইক্রোসফট সংশ্লিষ্টরা। অপারেটিং সিস্টেমটির পরীক্ষামূলক সংস্করণ এরই মধ্যে বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি।
এসকেডি/বিএ/আরআইপি