ফেনক্সের অনুদান পেলেন ফাউন্ডার ইনস্টিটিউটের দুই গ্রাজুয়েট


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৩ জুন ২০১৫

সিলিকন ভ্যালিভিত্তিক প্রতিষ্ঠান ফাউন্ডার ইনস্টিটিউটের প্রথম ব্যাচের গ্রাজুয়েটদের সমাপনী অনুষ্ঠান ‘পিচ নাইট ফর ফাউন্ডার ইনস্টিটিউট গ্রাজুয়েট’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে দুই গ্রাজুয়েটকে চেক প্রদান করেছে আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফেনক্স ক্যাপিটাল। অনুষ্ঠানে সহযোগিতায় ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে বেসিস সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি, এফবিসিসিআই পরিচালক ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান। আরো উপস্থিত ছিলেন ফেনক্সের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট কাইল ক্লিং, ফাউন্ডার ইনস্টিটিউট ঢাকা চ্যাপ্টারের পরিচালক সাজিদ রহমান, সহ-পরিচালক মিনহাজ আনোয়ারসহ মেন্টর, বিচারক ও বিনিয়োগকারীরা।

ফাউন্ডার ইনস্টিটিউটের তিন মাসব্যাপি প্রশিক্ষণের পর পাঁচজন গ্রাজুয়েট বিচারক ও বিনিয়োগকারীদের সামনে নিজ নিজ প্রতিষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন। গ্রাজুয়েটরা হলেন মো. আবু সাঈদ , শাহ পরাণ, একেএম মাকসুদুজ্জামান, খোবাইব চৌধুরী ও মাহবুব ই ইলাহী রন।

এর মধ্যে বিচারক ও বিনিয়োগকারীদের বিচারে বিনিয়োগের জন্য শাহ পরাণ ও মাহবুব ই ইলাহী রন নির্বাচিত হন। নির্বাচিতদের প্রত্যেকের হাতে ফেনক্সের পক্ষ থেকে ১৫ হাজার মার্কিন ডলারের চেক তুলে দেন বেসিস সভাপতি শামীম আহসান।

এর আগে বিভিন্ন উদ্যোক্তাদের মধ্য থেকে এ পাঁচজনকে বাছাই করে উদ্যোগ ও ব্যবসা পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ দেয় ফাউন্ডার ইনস্টিটিউট। বিনিয়োগপ্রাপ্ত অর্থ উদ্যোক্তারা ব্যবসার প্রসার, লোকবল নিয়োগসহ সার্বিকভাবে ব্যবসা প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।

এর আগে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছিল। বিশ্বব্যাপি বিভিন্ন উদ্যোগে ও ব্যবসায় বিনিয়োগ করে থাকে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিশ্বমানের প্রযুক্তি কোম্পানি গড়ে তোলার জন্য এ বছরের শুরুর দিকে সমঝোতা চুক্তি সই করেছিল ফাউন্ডার ইনস্টিটিউট ও বেসিস।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।