রাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক জয়নুল আবেদীন
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এছাড়া বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ড. আতিয়ার রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে তৎকালীন ভিসি পদত্যাগ করার পর, ২০২৫ সালের ১০ জানুয়ারি ড. আতিয়ার রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
তবে সম্প্রতি তার বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ, স্বজনপ্রীতির অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসব অভিযোগে গত ৫ মে ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যের অতিসত্বর অপসারণের দাবি জানিয়ে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
আবু দারদা খান আরমান/কেএইচকে/জেআইএম