ঢাবি উপাচার্যের সঙ্গে নরওয়ের অধ্যাপকের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং ওরিয়েন্টাল ল্যাংগুয়েজ বিভাগের দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক অধ্যাপক আরিল্ড এনজেলসেন রুড।
মঙ্গলবার দুপুরে উপাচার্যের অফিসে তিনি এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রায়ন এবং রাজনৈতিক প্রক্রিয়া ও এর বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় নরওয়ের অধ্যাপক জানান, তিনি দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে গবেষণা করছেন। আর এ গবেষণার তথ্য সংগ্রহের জন্যই তিনি সম্প্রতি বাংলাদেশে এসেছেন। গবেষণার তথ্য সংগ্রহের জন্য তিনি দেশের বিভিন্ন জেলা সফর করে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করবেন বলেও জানিয়েছেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ে আসার জন্য অধ্যাপক আরিল্ড এনজেলসেন রুডকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, নরওয়ের এ গবেষকের গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফল দক্ষিণ এশিয়ার বিশেষত বাংলাদেশের গণতন্ত্রায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যৌথভাবে একাডেমিক ও গবেষণা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
বিএ/পিআর