ইডেন কলেজের হল পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

ভূমিকম্পের কারণে ইডেন মহিলা কলেজের ১ হাজার আসন বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ফাটল পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার ভূমিকম্পের কারণে ফাটলকৃত হল পরিদর্শন করেন তিনি।

শিক্ষামন্ত্রী হলের ১০ম ও ১১তম তলার একাধিক কক্ষ ও করিডোরের দেয়াল-ফ্লোর খুঁটিয়ে দেখেন। এ সময়  তিনি উপস্থিত প্রধান প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলীগণের মতামত নেন।

এ সময় প্রকৌশলীগণ শিক্ষামন্ত্রীকে জানান, ভবনের ভিম বা মূল কাঠামোতে কোনো ফাটল দেখা দেয়নি, বা কোন ক্ষতি হয়নি। দেয়ালে দেখা দেয়া ফাটল ভবনের জন্য মোটেই ক্ষতিকর নয়।

শিক্ষামন্ত্রী প্রধান প্রকৌশলীকে ফাটলের গভীরতা, প্রকৌশলগত গুরুত্ব, পরবর্তী প্রভাবসহ আনুষাঙ্গিক দিকসমূহ আরও খতিয়ে দেখে একটি প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়াধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি হয়ে থাকলে তারও একটি প্রতিবেদন তৈরির নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছাত্রীরা জরুরিভিত্তিতে হলে ওঠার দাবি জানালেও তাদের নিরাপত্তার দিক বিবেচনা করে প্রকৌশলীদের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা প্রমুখ।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।