ঢাবি প্রক্টরকে হাত-পা ভেঙে টেনে-হিঁচড়ে নামানোর হুমকি


প্রকাশিত: ১১:২৯ এএম, ০৬ মে ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রক্টর এবার দায়িত্ব না ছাড়লে হাত-পা ভেঙে, টেনে-হিঁচড়ে প্রক্টরের পদ থেকে নামানোর হুমকি দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতারা। বুধবার দুপুরে পহেলা বৈশাখে নারীর শ্লীলতাহানির ঘটনায় দোষীদের বিচারসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় ঘেরাওকালে তারা এই ঘোষণা দেন।

এ সময় তারা আরো বলেন, মাননীয় প্রক্টর, আপনার যদি বিন্দুমাত্র লজ্জা-সরম থাকে তবে তাড়াতাড়ি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। নতুবা ছাত্ররা টেনে-হিঁচড়ে চেয়ার থেকে আপনাকে নামিয়ে দেবে। আজকে যেভাবে গেট ভাঙা হয়েছে, আগামীতে সেভাবে আপনার হাত-পা তারা ভেঙে দেবে।

এর আগে অপরাজেয় বাংলা থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ করে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয়। উপাচার্য অফিসের সবগুলো গেট বন্ধ থাকায় তারা গেট ভাঙার চেষ্টা করে। একপর্যায়ে তারা গেটের দুটি লোহার পাত ভেঙে ফেলে। তারপরও ভিতরে ঢুকতে না পারায় উপাচার্যে কার্যালয়ের সামনেই সমাবেশ করে তারা।

সমাবেশে ছাত্র ইউনিয়ন ঢাবি শাখা সভাপতি লিটন নন্দী বলেন, আমরা মনে করি এ ঘটনায় প্রক্টরের প্রত্যক্ষ মদদ রয়েছে। নতুবা তিনি কোন তদন্ত ছাড়াই কিভাবে রায় দিয়ে দেন। আমরা বেহায়া প্রক্টরকে বলতে চাই, আপনি তাড়াতাড়ি সরে যান, নতুবা ছাত্ররা আপনাকে টেনে হিঁচড়ে নামিয়ে দেবে।

ছাত্র ঐক্যের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান বলেন, প্রক্টর তার নৈতিকতা হারিয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। নতুবা আজকে যেভাবে গেট ভাঙা হলো, আগামীতে সেভাবে তার হাত-পা ভেঙে দিতে ছাত্ররা কার্পণ্য করবে না।

ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক বলেন, প্রশাসন কানে সীসা ঢেলে বসে আছে। ছাত্রদের আন্দোলনের খবর তাদের কানে যায় না। আমরা এই বেহায়া প্রশাসনের পদত্যাগ চাই।

এমএইচ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।