জাবি ক্যারিয়ার ক্লাবের ৩ দিনব্যাপী অনুষ্ঠান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার সাড়ে ৪ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান অনুষ্ঠানটির ব্যবস্থাপনা প্রধান মাসুদ রেজা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ক্যারিয়ার ক্লাবের সভাপতি হাসান শাহ শিপন, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, মিডিয়া সেক্রেটারি ফাহিম হাসানুল ইসলাম প্রমুখ।
তিনদিনব্যাপী অনুষ্ঠানের আজ প্রথম দিন বৃহস্পতিবার ছিল সংবাদ সম্মেলন, শুক্রবার দ্বিতীয় দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ৪৪ তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের নবীণ বরণ এবং ক্যারিয়ার বিষয়ক দিনব্যাপী সেমিনার এবং শনিবার তৃতীয় দিন আউটডোর ক্যাম্প অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল ১০ টা থেকে জহির রায়হান মিলনায়তনে নবীন বরণ ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. আবুল হোসেন এবং আরও উপস্থিত থাকবেন ক্লাবের শিক্ষক উপদেষ্টামণ্ডলীরা।
শুক্রবার দিনব্যাপী সেমিনারের বিভিন্ন সেশন পরিচালনা করবে গ্রামীণফোন লিমিটেডের ম্যানেজার আল-মামুন রোমেল, বৃটিশ আমেরিকান টোব্যাকোর হুমাইরা আফরিন, ডন সামদানি ফাউন্ডেশনের জি সামদানি ডন, মাগনিশিও ডিজিটাল এর সিইও রিয়াদ শাহরিয়ার আহমেদ হোসাইন, বাংলাদেশের বিখ্যাত কমেডিয়ান নাভিদ মাহবুব, ব্রাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জারা মাহবুব, BYLC এর ব্যবসা উন্নয়ন ও যোগাযোগ ম্যানেজার সাদাফ সুলতান।
শনিবার তৃতীয় দিন ক্যারিয়ার ক্লাবের কমিটি মেম্বার ও এই প্রোগ্রামের সাথে যারা জড়িত সদস্যদের নিয়ে নন্দন পার্কে আউটডোর ক্যাম্প অনুষ্ঠিত হবে ।
উল্লেখ্য, Build Thyself. Serve the Nation স্লোগানকে ধারণ করে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের হাত ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার এক বছরের মধ্যে ক্লাবটি আয়োজন করে ১০-১২টি সফল ইভেন্টের। এসকল ইভেন্টে অংশগ্রহণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
হাফিজুর রহমান/এসএইচএস/আরআই