ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৫ মে ২০২৬

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বাহিরের শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তাদের দাবি, ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাস ও এর সংলগ্ন ঢাকা-শিমুলতলী আঞ্চলিক সড়কে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে, এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেয় সরকার।

জানা যায়, নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও ঢাকা শিমুলতলী আঞ্চলিক সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন। শিক্ষার্থীরা ঢাকা শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শিক্ষার্থীরা ‘ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের উপচার্য ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, অ্যাকাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

আগে ডুয়েট শিক্ষক সমিতিও এক জরুরি সভায় অভ্যন্তরীণ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছিল।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, নতুন ভিসি নিয়োগের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। রাত ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

মো. আমিনুল ইসলাম/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।