বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২১ মে ২০১৫

রাজশাহীর বরেন্দ্র বিশ্বদ্যিালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তালাইমারী ইউনিটে বৃহস্পতিবার সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে বিভাগে স্থাপিত নতুন একটি ল্যাব উদ্বোধন করা হয়। নতুন মেশিন ল্যাবটিতে ইনডাকশন মোটর, ডিসি মোটর, ডিসি জেনারেটর, সিনক্রোনাস জেনারেটসহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল মোটর ও জেনারেটর বিষয়ে শিক্ষার্থীরা হাতে-কলমে ব্যবহারিক পরীক্ষা করতে পারবে বলে জানিয়েছেন বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. সাব্বির আহমেদ।

বিভাগের শিক্ষার্থী মিনহাজ আল মোহায়মিন ও সুমাইয়া তাবাসসুমের সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বরেন্দ্র বিশ্ববিদ্যলয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি অধ্যাপক ড. এম. সাইদুর রহমান খান বলেন, ‘প্রত্যেকের উচিৎ বড় স্বপ্ন দেখা। যদি লক্ষ্যের পঞ্চাশ শতাংশ কিংবা বিশ শতাংশও পূরণ হয়। তাতেও সাধ পূরণ হয়, জীবনে সার্থকতা আসে।’

নতুন মেশিন ল্যাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের জানামতে খুব কম সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয়েরই নিজস্ব মেশিন ল্যাব আছে। এর একটি কারণ হলো এ ধরনের ল্যাব প্রতিষ্ঠা বেশ ব্যয়বহুল। অথচ ভাল ল্যাবের সুবিধা না থাকলে প্রকৌশলী শিক্ষা অনেকাংশেই মূল্যহীন। যেহেতু প্রকৌশল শিক্ষার গুনগতমান বজায় রাখার ব্যাপারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কোনোভাবেই আপোস করতে রাজি নয়, তাই ইইই বিভাগ প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মধ্যেই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে মেশিন ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।’

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শামীম আহসান পারভেজ, রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শহিদ-উজ-জামান প্রমুখ।

রাশেদ রিন্টু/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।