সাফল্যের জন্য আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে : ইয়াফেস ওসমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘দ্বিতীয় আন্তর্জাতিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
প্রধান অতিথির ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, সাফল্য অর্জনের জন্য আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে। বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের এ লক্ষ্য পূরণে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম।
প্রতিমন্ত্রী আরো বলেন, তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বব্যাপী বাংলাদেশের অংশগ্রহণ উত্তরোত্তর বাড়ছে। আমরা আশা করছি, তরুণ সমাজ তথ্য ও প্রযুক্তিতে দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং বিশ্বব্যাপী বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির কমানডেন্ট মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ হোসাম-ই-হায়দার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র আয়োজনে এ কনফারেন্সে দেশ-বিদেশের তথ্য ও প্রযুক্তিবিদগণ অংশগ্রহণ করেন।
হাফিজুর রহমান/এসএইচএস/আরআইপি