জাবিতে প্রশাসন ভবন ঘেরাও
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শনিবার তৃতীয় দিনের মতো আবারো প্রশাসন ভবন ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করেছে। শনিবার সকাল ৮ থেকে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এদিকে, অবরোধের কারণে টানা তিন দিন ধরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, ট্রেজারার অধ্যাপক আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থিত নিজ নিজ কার্যালয়ে অফিস করতে পারেন নি।
প্রশাসন ভবন ঘেরাও অবরুদ্ধ সম্পর্কে জানতে চাইলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ হানীফ আলী বলেন, এখন পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো অগ্রগতি পাইন। প্রশাসন আমাদের দাবি না মানলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলা হয়েছে। সংকট নিরসনে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি।’
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পরিবেশ বিজ্ঞান বিভাগকে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ভবনের ৩য় তলা বরাদ্দ দেয় এবং ১৪ মে থেকে নবনির্মিত ৩য় তলায় নিজেদের বরাদ্দকৃত স্থানে ক্লাস শুরু করে পরিবেশ বিজ্ঞান বিভাগ। সিন্ডিকেটের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নব নির্মিত ভবনের ১ম থেকে ৩য় তলা পর্যন্ত হস্তান্তরের দাবিতে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
হাফিজুর রহমান/এসএস/আরআইপি