ছাত্রী লাঞ্ছনা : জাবির ৫ ছাত্রলীগকর্মী আজীবন বহিষ্কার


প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৩ মে ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পহেলা বৈশাখে এক আদিবাসী ছাত্রীকে লাঞ্ছনার ঘটনায় পাঁচ ছাত্রলীগকর্মীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শনিবার রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য নিশাত ইসলাম বিজয় (জার্নালিজম-৪২), শহীদ সালাম-বরকত হল শাখার প্রচার সম্পাদক নাফিস ইমতিয়াজ (রসায়ন-৪২), ছাত্রলীগ কর্মী রাকিব হাসান (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান-৪৩), আব্দুর রহমান ইফতি (নৃবিজ্ঞান-৪৩) ও নুরুল কবির (নৃবিজ্ঞান-৪৩)।

যৌন নিপীড়কদের শাস্তির দাবিতে আন্দোলনকারী আব্দুূল খালেক উজ্জ্বল  সন্তেুাষ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে আমরা খুবই সন্তুষ্ট। আমরা উপযুক্ত বিচার পেয়েছি। আমাদের আন্দোলন সফল হয়েছে। এর আগে গত ১৬ এপ্রিল এই পাঁচজনকে সংগঠন থেকে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

উল্লেখ্য, গত পহেলা বৈশাখে রাত সাড়ে সাতটার দিকে সহপাঠীর সঙ্গে হলে ফেরার সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে যৌন হয়রানির শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। পরবর্তীতে বিচার চেয়ে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে নির্যাতনের সঙ্গে জড়িত পাঁচ ছাত্রলীগ কর্মীকে আজীবন বহিষ্কার করে জাবি প্রশাসন।

একই সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ মার্চ দোল উৎসবে একজন ছাত্রীর গায়ে রঙ দেয়ায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা হামজা রহমান অন্তরকে (নাটক ও নাট্যতত্ত্ব-৪১)  তিন মাসের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের আবসিক ছাত্র এবং শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য।

হাফিজুর রহমান/এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।