বেরোবিতে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটের আহ্বান


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৫ মে ২০১৫

২০১৪-১৫ (স্নাতক) শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির সাথে সংশ্লিষ্ট ওএমআর শিট বাতিল এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে মঙ্গলবার থেকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। সোমবার বিকেলে নগরীর জিএলরায় রোডের বাসদ (সাম্যবাদ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদদে পরীক্ষায় অংশগ্রহণ না করেও মেধা তালিকায় ১৬১তম স্থান অধিকার করা, ওএমআর শিট ছাড়াই ‘এ’ ইউনিটের রেজাল্ট প্রকাশ, পরীক্ষার সমন্বয়ক কর্তৃক ১৮ টি ওএমআর শিট বাসায় নিয়ে যাওয়া এবং আপন ছোট বোন পরীক্ষায় অংশ নিলেও বিধি লঙ্ঘন করে গণিত বিভাগের প্রভাষক ইসমাইল হোসেন ভর্তি পরীক্ষার কমিটির দায়িত্বে থাকাসহ নানা অনিয়ম সংঘটিত হয়েছে এবারের ভর্তি পরীক্ষায়।

প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এসব অনিয়মের তদন্ত ও বিচারের দাবি জানালে উপাচার্য অপরাগতা প্রকাশ করেন। ফলে প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে সকল অনিয়মের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বেরোবি উপাচার্য প্রফেসর ড.একেএম নূরন্নবী জাগোনিউজকে বলেন, তদন্ত কমিটি গঠন করা হবে কিনা তা ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের বেরোবি শাখার সদস্য সচিব আহমেদ ইয়াসির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আহসান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।