জাবিতে ফের ছাত্রলীগের নির্যাতনের শিকার এক ছাত্র
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগ কর্মীদের হাতে আবারো নির্যাতনের শিকার হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র। সোমবার ভিসি বরাবর বিচার চেয়ে লিখিত অভিযোগ প্রেরণ করেছে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. সারজিল ইমতিয়াজ সাজু শহীদ সালাম বরকত হলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কৌশিক বসাক (ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগ), বিকাশ কুমার মোহন্ত (প্রাণীবিদ্যা বিভাগ), ও মাকসুদুর রহমান অনার (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) তাকে ২২৩ নং কক্ষে দেখা করতে বলে। কক্ষে প্রবেশ করলে ধূমপান করার বিষয়ে অহেতুক প্রশ্ন করে বেধড়ক পেটাতে থাকে। প্রথমে পাইপ এবং পরে বাঁশ দিয়ে তার পায়ে প্রচণ্ড জোরে আঘাত করে। এত তার ডান পা ভেঙ্গে যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় চিকিৎসকের পরামর্শে সাভার সিআরপিতে চিকিৎসা জন্য নেওয়া হয়।
এদিকে, সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যায়ের নতুন কলা ভবনের সামনে নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে এক মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য বরাবর অভিযোগ পত্র প্রেরণ করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, `বিষয়টি ডিসিপ্লিন বোর্ডের কাছে প্রেরণ করেছি। এ বিষয়ে তদন্ত কমিটি হবে। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে শাস্তির ব্যবস্থ করা হবে।`
হাফিজুর রহমান/এআরএ/পিআর