বেরোবিতে পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল


প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৫ মে ২০১৫

অনিয়মের অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরীক্ষার্থীর নাম মোসা. ইহতিশানুন নিশা। বিজ্ঞান অনুষদের মেধা তালিকায় তিনি দ্বিতীয় স্থান অধিকারী। তার পরীক্ষার রোল ছিল ৪১২১২৭। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক মোহাম্মদ ইসমাইল হোসেনের ছোট বোন।

জানা যায়, ভর্তি পরীক্ষায় নিকটাত্মীয় থাকলে প্রশ্নকর্তা কিংবা মডারেশন বোর্ডে থাকার নিয়ম নেই। অথচ অভিযুক্ত শিক্ষক সংশ্লিষ্ট ইউনিটের প্রশ্নকর্তা ও প্রশ্ন মডারেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ওই ইউনিটের প্রশ্ন কম্পোজের দায়িত্বে ছিলেন বলেও জানা গেছে। ইউনিটভুক্ত একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।

একই সঙ্গে ইসমাইল হোসেনকে পরবর্তী ৫ বছর ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন, মডারেশন, প্রিন্টিং এবং প্যাকেজিং সংক্রান্ত সকল কাজ থেকে বিরত রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বছর ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের সঙ্গে যে সকল কর্মকর্তা-কর্মচারীর নামে অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে বা সংবাদপত্রে এসেছে তার বস্তুনিষ্ঠতা যাচাইয়ের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তথ্যানুসন্ধান কমিটি গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, সদস্য বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ড. নিত্য ঘোষ এবং সদস্য সচিব পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সিরাজুদ্দৌলা।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ব্যাপক অনিয়মের খবর সংবাদপত্রে প্রকাশ হয়। এসব খবরে কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নাম উঠে আসে। ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোরশেদ-উল আলম রনি। ইসমাইল হোসেনের এই কাজ উদ্দেশ্যপ্রণোদিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন “তিনি না জেনেই এই কাজ করেছেন, উদ্দেশ্যপ্রণোদিত নয়। তারপরেও আমরা তার শাস্তির ব্যবস্থা করেছি”।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।