রাবি সংস্কৃতি কর্মীর ওপর হামলা : বুধবার থেকে অনশনের ডাক


প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৬ জুন ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণশিল্পী সংস্থার সদস্য ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মী সজীব ও তার সহযোগীদের বিচার না হওয়া পর্যন্ত বুধবার থেকে অনশনের ডাক দিয়েছে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে অবস্থান ধর্মঘট পালনকালে সংগঠনের সাধারণ সম্পাদক কণিকা গোপ এ অনশনের ডাক দেন।

কণিকা গোপ বলেন, আজ ঘটনার আট দিন হলেও প্রশাসন থেকে হামলাকারীদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। হামলাকারীদের ছাত্রত্ব বাতিল করার বিষয়টিও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে নেয়নি। সাংস্কৃতিক কর্মীদের যদি এভাবে একের পর এক সন্ত্রাসীরা হামলা চালিয়েও প্রশাসনের সহায়তায় অক্ষত থাকে তাহলে আর অন্যায়ের বিরুদ্ধে কোন দিনই কেউ দাঁড়িয়ে কথা বলবে না।’

তিনি আরো বলেন, আমরা এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে আর ঘটতে দিতে পারি না। তাই বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গণঅনশন করা হবে। আমরা বাসুদেবের ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত এ অনশন চালিয়ে যাবো।

এসময় অন্যান্য বক্তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সজীব ও তার সহযোগীদের ছাত্রত্ব বাতিল করা এবং সরকারের কাছে এদের গ্রেফতারের দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দেবশ্রী মন্ডল, সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল মজিদ অন্তর ও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের অন্যান্য কর্মীরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটে বাংলাদেশ গণশিল্পী সংস্থার কার্যালয়ে বাসুদেবকে পিটিয়ে পা ভেঙে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী সজীব ও তার সহযোগীরা।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।