জবিতে বিক্রমপুরের আলোকচিত্র প্রদর্শনী
‘ফ্রেমে বাঁধা ঐতিহ্য গাঁথা’ শ্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আলোকচিত্র প্রদর্শনী করা হয়েছে। প্রদর্শনীতে মুন্সীগঞ্জ জেলার (বিক্রমপুর) ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানের ৩০টি আলোকচিত্র প্রদর্শন করা হয়। মঙ্গলবার দিনব্যাপি এ প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে অনুষ্ঠিত হয়। বিক্রমপুর-মুন্সীগঞ্জ ছাত্র-কল্যাণ পরিষদ এ প্রদর্শনীর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বিক্রমপুরের ইতিহাস বলতে গেলে প্রাচীন সমগ্র বাংলার ইতিহাস। তাই এর সংরক্ষণ ও চর্চায় এ ধরনের প্রদর্শনী প্রয়োজন।
জবি শাখা বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সরোয়ার কবির বলেন, ইতিহাস ঐতিহ্যে ভরপুর আমাদের বিক্রমপুর। যা পরিবর্তীতে মুন্সীগঞ্জ জেলার নামকরণ করা হলেও এর ঐতিহ্যের গরিমা একটুও কমে যায়নি। বরং দিনদিন এ জেলার প্রাচীন জনপদের কৃষ্টি-কালচার আবিষ্কৃত হওয়ায় তার উজ্জ্বল্য বৃদ্ধি পেয়েছে। যা থেকে বেড়িয়ে আসছে প্রাচীন বাংলার সুদীর্ঘকালের ইতিহাস।
এ সময় তিনি আরো বলেন, বৌদ্ধধর্মের অন্যতম প্রাণপুরুষ ও বঙ্গীয় দার্শনিক অতীশ দীপঙ্কর এ জেলায় জন্মগ্রহণ করেন। সাম্প্রতিক সময়ে নাটেশ্বরে প্রাচীন বৌদ্ধ মন্দির আবিষ্কার ঐতিহ্যর নির্দশন আরো স্পষ্ট করেছে। মুন্সীগঞ্জের প্রাচীন ঐতিহ্যকে বলা হয় সমগ্র বাংলার ঐতিহ্য।
এর সংরক্ষণ ও চর্চার জন্য এ জেলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অতীশ দীপঙ্কর’ এর নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করবেন বলে জানান মুন্সীগঞ্জে বেড়ে ওঠা এ সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে ফ্রেম বিক্রমপরের সমন্বয়ক শরীফুল ইসলাম শাওন জাগো নিউজকে বলেন, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য বীর মুক্তিযুদ্ধা একেএম খলিলুর রহমান, জবি শাখা আমরা মুক্তিযোদ্ধা সন্তানের আহ্বায়ক আবু তাহেরসহ বিক্রমপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য রক্ষায় এ ধরনের প্রদর্শনীর প্রয়োজন ।
সুব্রত মণ্ডল/বিএ/আরআইপি