প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই মূল কারিগর : ঢাবি উপাচার্য


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ২২ জুন ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছেন শিক্ষার মূল কারিগর। তারাই শিক্ষার্থীদের শিক্ষার মূল ভিত্তি তৈরি করে দেন।

সোমবার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত উদয়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ৬-দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন।

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদয়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের লব্ধ জ্ঞান শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রদান করে শিক্ষার মান উন্নয়নে কার্যকরি ভূমিকা রাখবেন।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই প্রশিক্ষণ কর্মসূচীর কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: আব্দুল মালেক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো: আবদুল আউয়াল খান এবং উদয়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ড. উম্মে সালেমা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করেন।

এম এইচ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।