চকরিয়ায় কলেজছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৯ মে ২০১৬

কক্সবাজারের চকরিয়ায় মোর্শেদ আলম (২২) নামে এক কলেজছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টায় চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা রাবার ড্যামের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোর্শেদ ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম সওদাগর ঘোনা এলাকার জহির আহমদের ছেলে ও ডুলাহাজারা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।  

নিহত মোর্শেদের বড় বোন মুর্শিদা বেগম জানান, তার ছোট ভাই মোর্শেদ আলম শনিবার রাত ৯টার দিকে বাড়ির পাশে একটি দোকানে ক্যারাম খেলছিল। এসময় স্থানীয় কালা মনুর স্ত্রী ও তাদের আত্মীয় ইসমত আরা বেগম নামে এক মহিলা ক্যারাম খেলারত মোর্শেদকে কথা আছে বলে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। তখন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

রোববার সকাল ৯টার দিকে রামপুর এলাকার কয়েকজন জেলে মাতামুহুরী নদীতে মাছ ধরতে গেলে রাবার ড্যামের পার্শ্ববর্তী একটি গর্তে মোর্শেদ আলমের মরদেহ দেখতে পেয়ে তাদের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ বেলা সাড়ে ১০টার দিকে ওই স্থানে গিয়ে মোর্শেদের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে মুর্শিদা বেগম বাদী হয়ে স্থানীয় দেলোয়ার হোসেনের ছেলে জালাল উদ্দিন ও সামসুল আলমের ছেলে নাছির উদ্দিনসহ আটজনকে আসামি করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে পুলিশ রাবার ড্যাম থেকে মোর্শেদের গলাকাটা মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।