গাজীপুরে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ
গাজীপুরে গার্মেন্ট কারখানার শ্রমিককে নির্যাতনের প্রতিবাদে এবং ঈদের ছুটি ১০ দিনের দাবিতে সড়ক অবরোধ ও কারখানার দরজা জানালা ভাঙচুর করেছে শ্রমিকরা। রোববার বিকেলে গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকার স্পেরো অ্যাপারেলস লিমিটেড নামক গার্মেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।
গার্মেন্ট শ্রমিক ও স্থানীয় সূত্র জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকরা ১০ দিনের ছুটি দাবি করে আসছিল। কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে প্রতিদিনের কর্মঘণ্টার সঙ্গে অতিরিক্ত এক ঘণ্টা করে কাজ করিয়ে রাখে। এ ছাড়া ঈদে বাড়তি ছুটির জন্য তারা সাপ্তাহিক ছুটির দিন কয়েক শুক্রবারও কাজ করেছেন। কিন্তু রোববার কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে শ্রমিকদের ৮ দিনের ছুটির কথা জানায়। পরে শ্রমিকরা এ ছুটি না মেনে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করতে থাকেন।
এসময় শ্রমিকরা অভিযোগ করেন, তাদের শ্রমিক মহিমকে কারখানার কর্মকর্তা ভারতীয় নাগরিক মি. বেলু শারিরিক ভাবে নির্যাতন করে জখম করেন। এতে শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুর-ঢাকা সড়কে নেমে বিক্ষোভ করতে থাকে।
এক পর্যায়ে তারা ওই সড়কে অবরোধ করে। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে ৪টার দিকে ওই সড়কে যানচলাচল শুরু হয়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, মহিম নামে এক কারখানার শ্রমিককে ওই কারখানার কর্মকর্তা ভারতীয় নাগরিক বেলু নির্যাতন করার ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা- জয়দেবপুর সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
আমিনুল ইসলাম/এফএ/এমএস