গাজীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ২৯ জুন ২০১৬

গাজীপুরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহতাবস্থায় দুই ডাকাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে গাজীপুরের পূবাইল কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত ডাকাতের বয়স আনুমানিক ২৫ বছর। আহত দুই ডাকাতকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূবাইলের কলেজ গেট এলাকার থাই এ্যালুমিয়াম তৈরির গ্রিন ডিজাইন সল্যুশন কারখানায় রাত সাড়ে ৯ টার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার কয়েকজনের হাত-পা বেঁধে ডাকাতির চেষ্টা চালায়।

টের পেয়ে কারখানার অন্যান্য লোকজন ডাক-চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হতে থাকে। এ সময় ডাকাতরা পালিয়ে যেতে থাকলে জনতা ধাওয়া করে ৩ ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনস্থলেই এক ডাকাতের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহত ডাকাতের মরদেহ উদ্ধার এবং আহত দুই ডাকাতকে আটক করে।

পুলিশ জানায়, ডাকাতির চেষ্টাকালে স্থানীয় জনতার গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু এবং দুই ডাকাত আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে এবং আহত দুই ডাকাতকে আটক করে চিকিৎসার জন্য ওই হাসপাতালে পাঠানো হয়েছে।
                        
আমিনুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।