পদ্মায় নৌযানে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল হওয়ার পর তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোর রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নড়িয়া পৌরসভার ঢালীপাড়া এলাকার সাত্তার ব্যাপারীর ছেলে সোহাগ ব্যাপারী (৩৮), কানারগাঁও এলাকার মন্টু হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২৩) এবং জাজিরা উপজেলার আমির মল্লিকের কান্দি এলাকার খোকন মল্লিকের ছেলে আরিফ মল্লিক ওরফে সানজিম (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায় করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র। শুক্রবার দুপুরে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ট্রলারযোগে কয়েকজন ব্যক্তি নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেডে উঠে চাঁদা আদায় করছে। ঘটনাটি আবার নদীর পাড় থেকে একব্যক্তি মুঠোফোনে ধারণ করে সেটি ফেসবুকে ছড়িয়ে দেয়। চাঁদাবাজির বিষয়টি নজরে আসার পর রাতভর পদ্মা নদীতে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। শনিবার ভোরে অভিযানকালে ট্রলারে থাকা রাকিব হাওলাদার ও আরিফ মল্লিককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা সোহাগ ব্যাপারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নদীতে চলাচলরত বাল্কহেড থেকে চাঁদা উত্তোলনের কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিয়ে নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, ‘চাঁদাবাজির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিধান মজুমদার অনি/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।