কুষ্টিয়ার ডিসি প্রত্যাহারের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-সমাবেশ
কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহারের আদেশকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় এসব কর্মসূচি পালিত হয়।
এর আগে রোববার (১ মার্চ) কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনসহ পাঁচ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ আদেশের প্রতিবাদে রাতেই ‘জুলাই আহত যোদ্ধা’র ব্যানারে মিছিল-সমাবেশ করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ‘আহত জুলাই যোদ্ধা’ ও ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েক ঘণ্টা ধরে মানববন্ধন বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীরা ইকবাল হোসেনকে ‘মানবিক ডিসি’ আখ্যা দিয়ে তার প্রত্যাহারের আদেশ বাতিলের দাবি জানান। এসময় তারা জেলা প্রশাসকের পক্ষে নানান স্লোগান দেন।
দুপুর ১টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন কার্যালয় থেকে গাড়িতে করে বের হওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা তাকে আটকে দেন। তবে কিছুক্ষণ পর তার গাড়ি ছেড়ে দেওয়া হয়।
এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে ‘জুলাই যোদ্ধা অ্যাসোসিয়েশন’র ব্যানারে পাল্টা বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের পক্ষের আন্দোলনকারীদের ‘মবকারী’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীর বদলি নিয়ে কোনো রাজনীতি করা চলবে না। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও প্রত্যাহার নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। এ বিষয়কে কেন্দ্র করে যারা মব সৃষ্টির চেষ্টা করছেন, তাদের প্রতিহত করা হবে।
আল-মামুন সাগর/এসআর/এএসএম