ধান কাটতে গিয়ে পাওয়া গেলো নিখোঁজ শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৬ মে ২০২৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৬ বছরের এক শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ৩৯ ঘণ্টা পর বুধবার (৬ মে) সকালে বাড়ির পাশের ধানক্ষেত থেকে জান্নাত নামে শিশুটির মরদেহ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে হুগলি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রামমোহন পালের (খোকন) ক্ষেতে ধান কাটতে গিয়ে শ্রমিকরা শিশুটির মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত শিশু জান্নাত কৈলাটি ইউনিয়নের জাউশি গ্রামের আরশাদ মিয়ার মেয়ে। তার বাবা আরশাদ মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পুলিশ জানায়, সোমবার (৪ মে) বিকেল ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। মঙ্গলবার (৫ মে) কলমাকান্দা থানায় তার বাবা একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

শ্রমিকরা জানান, শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। বুক থেকে নিচের অংশ, পায়ের দুই পাতা বাদে শরীরের বেশিরভাগ অংশ বন্যপ্রাণীতে খেয়ে ফেলেছে। মরদেহটি খুবই ক্ষত-বিক্ষত ও বিকৃত অবস্থায় ছিল।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকালই শিশুটির পরিবার নিখোঁজের বিষয়ে জিডি করেছিল। আমরা মরদেহ উদ্ধার করেছি। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এইচ এম কামাল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।