সকাল থেকে নিখোঁজ বৃদ্ধা, পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৬ মে ২০২৬

কুড়িগ্রামে সাজেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার বড় একটি তেঁতুল গাছের মগডালে উঠে বসে থাকা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (অ.দা.) এনামুল হক।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার সন্ধানে আশপাশে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির পাশে একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান স্বজনরা। এ সময় তাকে গাছের মগডালে শুয়ে এবং বসে থাকতে দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের আপত্তির কারণে উদ্ধার কার্যক্রমে তাৎক্ষণিকভাবে তারা কাজ শুরু করতে পারেননি।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (অ.দা.) এনামুল হক বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে ওই নারীকে বাড়ির পাশে একটি পুকুরের ধারে তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখি। কিন্তু তার পরিবারের লোকজনের আপত্তিতে আমরা কাজ করতে পারিনি। তবে এ সময় হঠাৎ তিনি পুকুরে লাফ দিলে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে মানসিক রোগী মনে হয়েছে বলেও জানান তিনি।

রোকনুজ্জামান মানু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।