লা লিগা জয়ের পরই ফ্লিকের নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৩ মে ২০২৬

টানা দ্বিতীয়বার লা-লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। বাবা হারানোর শোক নিয়েই বার্সাকে শিরোপা জিতিয়েছেন কোচ হান্সি ফ্লিক। সেই কোচের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির দায়িত্বে থাকবেন জার্মান এই কোচ।

গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করে ক্লাবটি। দায়িত্ব নেওয়ার পর দুই মৌসুমে এটি ফ্লিকের দ্বিতীয় লিগ শিরোপা।

৬১ বছর বয়সী জার্মান কোচের সঙ্গে বার্সার চুক্তি ছিল আগামী মৌসুম পর্যন্ত। এবার সেটি আরও এক বছর বাড়ানো হয়েছে। পাশাপাশি অতিরিক্ত আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। চুক্তি নবায়নের পর ফ্লিক বলেন, ‘আমি খুবই আনন্দিত। ক্লাব আমাকে এবং আমার দলকে আরও এক বা দুই বছর কাজ করার আস্থা দিয়েছে।’

তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। এখন তাদের সামনে মৌসুম শেষ করার আগে ১০০ পয়েন্ট স্পর্শ করার সুযোগ রয়েছে।

ফ্লিক বলেন, ‘অনেক কোচ তিন, চার বা পাঁচ বছরের চুক্তি পেলে খুশি হন। কিন্তু বার্সেলোনার ক্ষেত্রে সীমিত মেয়াদের চুক্তি ভালো। আমি এটাকে খুবই মূল্য দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ২০২৮ পর্যন্ত এগোবো। এরপর সবকিছু ঠিক থাকলে আরও এক বছর নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ক্লাবের যেমন অধিকার আছে, আমারও আছে। আমার কাছে এটি ভালো চুক্তি মনে হয়েছে।’

২০২৪ সালের গ্রীষ্মে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হয়ে বার্সেলোনার দায়িত্ব নেন ফ্লিক। প্রথম মৌসুমেই দলকে কোপা দেল রে শিরোপাও এনে দেন তিনি।

এর আগে, বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্বে ছিলেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত। তার অধীনে বায়ার্ন টানা দুই মৌসুম বুন্দেসলিগা জেতার পাশাপাশি ২০২০ সালে জিতেছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।