প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও ২য় যমুনা সেতু আনবো: মিল্লাত
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো। ইনশাআল্লাহ এ স্বপ্ন বাস্তবায়ন করবো।
শনিবার (১৬ মে) বিকাল পৌঁনে ৪টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ও চর ডাকাতিয়া এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণ করতে চাই। এটা শুধু একটি সেতু নয়, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এ সেতু হলে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও নতুন গতি আসবে।
সেতু নির্মাণ নিয়ে নানা আলোচনা চলছে উল্লেখ করে মিল্লাত বলেন, অনেকে চাচ্ছে সেতুটি অন্য রুটে যাক, কেউ মাদারগঞ্জ হয়ে নেওয়ারও চেষ্টা করেছে। সেখানে হলে কিছুটা পথ কম হয়। কিন্তু আমি চাই বালাসী-বাহাদুরাবাদ দিয়েই সেতু হোক। এজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ/এমএস