গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে গণজমায়েত
রাজশাহীতে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে আঞ্চলিক নদী কমিশন গঠনের দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে নগরের বড়কুঠি পদ্মাপাড়ে ফারাক্কা লংমার্চ দিবস উদযাপন কমিটি এ গণজমায়েতের আয়োজন করে। ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম. রফিকুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক নদীগুলোর পানিপ্রবাহ নিয়ন্ত্রণে একতরফা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশে পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতি বাড়ছে। বিশেষ করে গঙ্গা ও তিস্তার উজানে বাঁধ নির্মাণের কারণে দেশের নদীগুলোতে পানির প্রবাহ কমে গেছে। এর প্রভাব পড়ছে কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রায়। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন পানির স্বল্পতা ও লবণাক্ততা বৃদ্ধির কারণে হুমকির মুখে পড়েছে।
তিনি বলেন, গঙ্গা, তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীতে ভারতের পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, তার সঠিক হিসাব নিরূপণ করে ক্ষতিপূরণ আদায়ে সরকারকে উদ্যোগ নিতে হবে।
গণজমায়েতে জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা বলেন, গঙ্গা নদীতে ভারতের ফারাক্কা বাঁধ, তিস্তা নদীতে বাঁধ এবং অন্যান্য নদীতে বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ার ফলে বাংলাদেশে যে ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে ভারত সরকারের কাছে প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করতে হবে। তবে এ সমস্যা দ্বিপাক্ষিকভাবেও সমাধান করা যাবে না। আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যার স্বার্থে নদী বিষয়ে ভারত, বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটানকে নিয়ে একটি আঞ্চলিক ফোরাম গঠন করতে হবে।
গণজমায়েতে অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার, ড্যাবের রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, নদীগবেষক মাহবুব সিদ্দিকী, ভাসানী পরিষদের সদস্যসচিব আজাদ খান ভাসানী, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সহসভাপতি সুলতান মাহমুদ সুমন প্রমুখ।
মনির হোসেন মাহিন/কেএইচকে/এমএস