সিরাজগঞ্জে ছাত্রলীগের কয়েক মিনিটের ঝটিকা মিছিল
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। হঠাৎ এ ধরনের কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
রোববার (১৭ মে) সকালে উপজেলার সোনতলা ব্রিজের ওপর মুখে মাস্ক পরিহিত ৩০-৩৫ জন ছাত্রলীগের নেতাকর্মী মিছিলটি বের করেন। তবে কারো নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে ৩০-৩৫ জন ছাত্র ব্রিজের ওপর আকস্মিকভাবে ওই মিছিলটি বের করেন। এসময় তারা ‘জয় বাংলা’ বলে বিভিন্ন স্লোগান দেন। এরপর কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা বলেন, স্কুল কলেজ পড়ুয়া কিছু ছাত্র একটি চোরাগোপ্তা মিছিল করে পালিয়েছে। পরে আমরা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে তাদের খুঁজে পাইনি। প্রশাসনের গাফিলতির কারণেই এমন নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা এই তৎপরতা চালানোর সুযোগ পেয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, ছড়িয়ে পড়া ওই ভিডিওটি আমি দেখেছি। তবে সেটি আজকের মিছিল কি না সেটা আমরা খতিয়ে দেখছি। সেই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এম এ মালেক/এফএ/এমএস